বিজেপিতে যোগদানকারী তৃনমুলের বহিস্কৃত কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলার অসীম অধিকারীর বিরুদ্ধে পোস্টারে ছেয়ে যায় এলাকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। অসীম অধিকারী তৃনমুলে থাকা কালীন পৌর পরিষেবা প্রদানের ক্ষেত্রে নানা দুর্নীতি করেছেন বলে স্থানীয় তৃনমুল নেতা কর্মীদের অভিযোগ।
বিধানসভা নির্বাচনের আগে তাকে নানাবিধ দল বিরোধী কাজের জন্য তাকে তৃনমুল থেকে বহিস্কার করা হয়। এরপর শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত অসীম অধিকারী বিজেপিতে যোগ দেন। কিন্তু নির্বাচন মিটতেই এবার তৃনমুল কংগ্রেসের দখলে থাকা রায়গঞ্জ পুরসভার পুরবোর্ড ও পৌরপতির সুনাম, প্রশংসা করতে শুরু করেছেন অসীম। সেইসঙ্গে রাজ্যের তৃতীয় বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও প্রশংসায় পঞ্চমুখ বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর অসীম অধিকারী।
আর এরপরেই অসীম অধিকারীর তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা চাউড় হতে শুরু করে। আর এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ২৫ নং ওয়ার্ডের দেবীনগর এলাকাজুড়ে পোস্টারে ছেয়ে গেছে। এদিন স্থানীয় তৃনমুল কর্মীরা বলেন, এটা স্থানীয় কর্মী সমর্থকদের অসীম অধিকারীর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাকে দলে যাতে না ফেরানো হয় সেই দাবী আমরা আগেও দলকে জানিয়েছি।
যদিও তাকে দলে নেওয়ার প্রসঙ্গে জেলা তৃনমুল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাসের দাবী, কারো বিরুদ্ধে এলাকায় ক্ষোভ থাকতে পারে।গনতান্ত্রিকভাবে সাধারণ মানুষ তাদের দাবী রাখতেই পারেন। শুধু অসীম অধিকারীই নন, অনেকেই আবারো তৃনমুলে আসার কথা ভাবছেন। কিন্তু দলে কারোর যোগদানের বিষয় সেটা মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জিই ঠিক করবেন।
পাশাপাশি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবী, অসীম অধিকারী নির্বাচিত জন প্রতিনধি, সে কারনেই তিনি বলেছেন। তবে এই পোস্টার নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই।
তবে রায়গঞ্জ পুরসভার এই কাউন্সিলরের বিরুদ্ধে ইতিপুর্বেও এলাকায় বিশৃঙ্খলা ছড়ানো ও তৃনমুল কর্মীদের মারধোরের অভিযোগে গ্রেফতারও হন এবং তাতে জেল হেফাজতও হয়েছিল তার। যদিও পরে তার জামিনও হয়।

Post a Comment